সাজিদার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে

ভর্তির টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছিল সুনামগঞ্জের ধরমপাশার সাজিদা আক্তারের। অনেকেই তাঁকে সাহায্য-সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। আগামীকাল সোমবার ধরমপাশা সোনালী ব্যাংক লিমিটেড শাখায় তাঁর নামে একটি অ্যাকাউন্ট খোলা হবে। সেই অ্যাকাউন্টে সাজিদাকে সাহায্য পাঠাতে পারবেন আগ্রহীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে মেধা তালিকায় ১ হাজার ৩৮১তম স্থান পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল সাজিদা আক্তারের। আজ রোববার প্রথম আলোয় ‘অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চয়তা’ শিরোনামে সাজিদা আক্তারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ে দেশ-বিদেশ থেকে অনেকেই ফোন করে সাজিদাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও তাঁর শিক্ষা জীবনে সহায়তা করার আশ্বাস দেন। প্রথম আলোর অনলাইন সংস্করণেও মন্তব্য করে অনেকে সাহায্যের কথা জানান।
সাজিদা আক্তারের বড় ভাই ব্যাটারি চালিত অটোরিকশা চালক আজিজুল জানান, অটোরিকশা চালিয়ে যা আয় হয় তাতে আমাদের সংসার চলে না। আমার ছোট বোন সাজিদা আক্তারকে নিয়ে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন হওয়ায় অনেকেই তাঁকে ভর্তি ও পড়াশুনার খরচে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। কাল অ্যাকাউন্ট খোলা হবে।