সাজিয়ার নামে গাইনি বিভাগে ইউনিটের নামকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে নিহত নারী চিকিৎসক সাজিয়া আফরিনের নামে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একটি ইউনিটের নামকরণ করার দাবি জানিয়েছেন সিলেটের মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকেরা। গতকাল রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।‘জাস্টিস ফর ডা. সাজিয়া আফরিন ইভা’ নামের সংগঠনের ব্যানারে এ মানববন্ধন হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজার ও চৌহাট্টা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থী, চিকিৎসক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ একাত্ম হন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী সাজিয়া আফরিন গত ৩০ নভেম্বর ঢাকার দক্ষিণখানে ব্র্যাকের একটি ক্লিনিকে রাতে কর্তব্যরত অবস্থায় খুন হন। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আদালতে সম্পন্ন করার পাশাপাশি ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করে আইন তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। ‘সাজিয়া আফরিনের নামে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একটি ইউনিটের নামকরণ চাই’ দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এনায়েতুল্লাহ, সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক সৈয়দ মূসা এম কাইয়ুম, নাজমুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী, দিলীপ ভৌমিক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের আফরোজা বেগম ও নিহত সাদিয়া আফরিনের বোন নাদিয়া আফরিন। বক্তারা বলেন, চিকিৎসক সাজিয়া আফরিন খুনের বিচার দ্রুত না করলে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। চিকিৎসক হত্যার ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন, ‘বিএমএ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। রাজনৈতিক সংগঠনে পরিণত না হয়ে বিএমএকে চিকিৎসকদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।’ মানববন্ধনের আয়োজক ‘জাস্টিজ ফর ডা. সাজিয়া আফরিন ইভা’র সংগঠক সৈয়দ আহমদ মূসা বলেন, সাজিয়া হত্যার ক্ষতিপূরণ ও দ্রুত বিচার দাবিতে এর আগে ঢাকায় তাঁরা মৌন মিছিল করে এসব দাবি উত্থাপন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।