সাজুতে তিন প্রজন্মের শিল্পসম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের সাজু আর্ট গ্যালারিতে শুরু হলো দেশের তিন প্রজন্মের চিত্রশিল্পীর বিভিন্ন সময়ের আঁকা শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী। ঢাকার সবচেয়ে পুরোনো এবং প্রধান গ্যালারিগুলোর মধ্যে সাজু আর্ট গ্যালারি অন্যতম। এটি তাদের ৬৯তম প্রদর্শনী। গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত অরথোরু গোমেজ। প্রদর্শনীতে ৮৪ জন শিল্পীর ১৩০টি শিল্পকর্ম রয়েছে। দর্শকেরা এই প্রদর্শনীতে কামরুল হাসান, সফিউদ্দিন আহমদ, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, শামসুল ইসলাম নিজামীর বেশ কিছু দুর্লভ শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন। এ ছাড়া প্রদর্শনীর অন্য শিল্পীদের মধ্যে আছেন আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, মর্তুজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, আবু তাহের, সমরজিৎ রায় চৌধুরী, মাহমুদুল হক, আবুল বারক আলভী, হামিদুজ্জামান খান, আবদুস শাকুর, শাহাবুদ্দীন আহমেদ, বীরেন সোম, ফরিদা জামান, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুস, শামসুদ্দোহা, নাসিম আহমেদ নাদভী, রণজিৎ দাস প্রমুখ।প্রদর্শনী ৬ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। সহস্রাব্দের মুখাবয়বশিল্পাঙ্গন গ্যালারির ছায়াময় প্রাঙ্গণে গতকাল হলো শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের ‘সহস্রাব্দের মুখাবয়ব’ নামের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। পক্ষকালব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক অ্যাঞ্জেলা গ্রুয়েনের্ট। চিত্রশিল্পী মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিশান কিংশুক হক।প্রদর্শনীতে শিল্পীর মোট ৫০টি চিত্রকর্ম রয়েছে। সবগুলোই মানুষের মুখাকৃতি। শিল্পী সমকালীন মানুষের মুখাবয়বে তাদের অন্তর্গত অভিব্যক্তিকে ফুটিয়ে তুলেছেন। এতে উঠে এসেছে ক্ষোভ, বঞ্চনা, আশা, উদ্দীপনা, ক্ষুধা, দারিদ্র্যের কশাঘাতসহ বিভিন্ন পরিপ্রেক্ষিতে দ্বন্দ্ব-সংঘাতময় জীবনযাপনের বহুমাত্রিক ব্যঞ্জনা। মিশ্র মাধ্যমে আঁকা এই শিল্পকর্মগুলো নামকরণও করা হয়েছিল বিষয়ের ওপর ভিত্তি করে। যেমন, ক্ষুধার্তের কান্না, আলোর মুখোমুখি, বিষণ্নতা, আতঙ্কের ছায়া ইত্যাদি। একসঙ্গে এত মুখ দেখে মনে হয় কত বিচিত্র আবেগ-অনুভূতির মধ্যে দিয়েই অতিবাহিত হয় মানুষের জীবন। ২১ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।নজরুল একাডেমীর রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান শুরু ‘হে নূতন/ দেখা দিক আর-বার/ জন্মের প্রথম শুভক্ষণ’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জন্মদিনে এভাবেই নতুনকে আহ্বান জানিয়েছিলেন। গতকাল নজরুল একাডেমীতে নবীন ও প্রবীণ প্রজন্মের রবীন্দ্রসংগীতশিল্পীরা সমবেত কণ্ঠে এই গানেই স্মরণ করলেন কবিগুরুকে। বিকেলে নজরুল একাডেমী আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, গান, আবৃত্তি। একক গান শোনান খালিদ হোসেন, জোসেফ কমল রডরিক্স, বদিউজ্জামান, মইদুল ইসলাম, অর্পিতা চক্রবর্তী প্রমুখ। শিল্পকলায় যাত্রা উৎসবশিল্পকলা একাডেমী আয়োজিত যাত্রা উৎসবের দ্বিতীয় দিনে গতকাল পূর্ণেন্দু রায় রচিত ও সুলতান সেলিম পরিচালিত স্বামী-স্ত্রী পালা পরিবেশন করে অগ্রগামী যাত্রা ইউনিট। এতে অভিনয় করেন বৈদ্যনাথ, মোর্শেদ, সুলতান সেলিম, মশিউর রহমান প্রমুখ।