রাঙামাটির সাজেক ইউনিয়ন ও খাগড়াছড়ি সদরে গত ফেব্রুয়ারি মাসের সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন। নিরপেক্ষ তদন্ত হলে অনেক বিষয় বেরিয়ে আসবে—এই ভয়ে তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে মনে করে কমিশন। গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন কমিশনের সদস্যরা। এর আগে তাঁরা সাজেক ইউনিয়ন ও খাগড়াছড়ি সদর উপজেলা সফর করেন।কমিশনের উপদেষ্টা মেঘনা গুহ ঠাকুরতা ও সদস্য স্বপন আদনান জানান, সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসন ও আদিবাসী বাঙালি নেতাদের সঙ্গে গত শনি ও রোববার কথা বলেছে কমিশন। এর পরিপ্রেক্ষিতে কমিশনের মনে হয়েছে, ফেব্রুয়ারির ঘটনার পেছনে কিছু ষড়যন্ত্র রয়েছে। অনেকে ঘটনাকে আড়াল করারও চেষ্টা চালাচ্ছে। তাঁরা আরও বলেন, ঘটনার পর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন হয়েছে। স্থানীয় সাংসদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ওপর আন্তরিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তারপরও ঘটনার নিরপেক্ষ তদন্ত হয়নি, সেটা বিস্ময়কর।