রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট-সাজেক সড়কে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অবরোধের কারণে পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়।
গত বৃহস্পতিবার সাজেক-বাঘাইহাট সড়কের ডাব আদাম এলাকায় গাড়িচাপায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন আহত হয়। তাদের পরিবারকে ‘উপযুক্ত’ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ‘সাজেকবাসীর’ ব্যানারে গতকাল শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সারা দিন সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে সড়ক অবরোধের কারণে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে দুই হাজারের বেশি পর্যটক আটকা পড়েন। রুইলুই পর্যটনকেন্দ্র আলো রিসোর্টের তত্ত্বাবধায়ক ইন্দ্র চাকমা বলেন, বৃহস্পতি ও শুক্রবার পর্যটক বেশি হয়। সে কারণে মজুত রাখা খাবার ও পানি শেষ হয়ে যায়। অবরোধের কারণে পানি ও খাবার সরবরাহ করা সম্ভব হয়নি। এ কারণে শত শত পর্যটক না খেয়ে দিন পার করেছেন। অবরোধ শেষ হওয়ার পর পর্যটকেরা চলে যান।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ক্ষতিপূরণ প্রদান: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত স্কুলছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে গতকাল বেলা দুইটার দিকে বৈঠক হয়। মাচালং বাজার এলাকায় সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুফিদুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং মাইক্রোবাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দুর্ঘটনায় নিহত ও আহত স্কুলছাত্রীর পরিবারকে দুই লাখ দেওয়া হয়।