রাঙামাটির বাঘাইছড়ির ডাব আদাম এলাকায় গাড়িচাপায় নিহত স্কুলছাত্রীর পরিবারকে ‘উপযুক্ত’ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ শনিবার সাজেক-বাঘাইহাট সড়কে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের ডাব আদাম এলাকায় গাড়িচাপায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন আহত হয়।
দুই শিক্ষার্থীকে গাড়িচাপা দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে ‘সাজেকবাসীর’ ব্যানারে মাচালং এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
গতকাল বেলা ১১টায় মাচালং ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাজেক সড়ক ও শান্তিপাড়া ঘুরে মাচালং ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুমন চাকমা, লাম্বায়ে চাকমা, চিক্কোবি চাকমা ও কান্দারা চাকমা। কালা মরত্তো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজ সাজেক-বাঘাইহাট সড়কে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেওয়া হয়।
বক্তারা বলেন, গাড়িচাপায় নিহত ছায়া রানী ও আহত সেবিকা চাকমার পরিবারকে কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুফিদুল আলম বলেন, গাড়িচাপায় নিহত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মাইক্রোবাসের মালিকের সঙ্গে আলোচনা চলছে। এই মুহূর্তে অবরোধ দেওয়া যুক্তিসংগত নয়।
দুর্ঘটনায় চালক নিহত: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে বাঘাইহাট-সাজেক সড়কের চম্পাতলি এলাকায় পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে জিপটি উল্টে যায়। এতে চালক আপ্রু মারমা (২৪) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় জিপে থাকা নয়জন পর্যটক আহত হন। সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।