সাজেক ভূমি রক্ষা কমিটির শোক সভা, প্রদীপ প্রজ্বালন
‘নিজেদের অধিকার সচেতন হতে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে হয় না। সব বঞ্চিত মানুষের লড়াইয়ের পথ অভিন্ন। সব অন্যায়ের প্রতিবাদে পাহাড়ে-সমতলে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।’ সাজেক ভূমি রক্ষা কমিটি আয়োজিত শোক সভা ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার বক্তারা এ আহ্বান জানান।বাঘাইহাটে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তৃতাকালে আয়োজক সংগঠনের আহ্বায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতে চাই না। আমরা বাংলাদেশে সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বাঁচতে চাই। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সামিউল আলম সংহতি বক্তৃতায় বলেন, সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে অধিকারের লড়াই দমিয়ে দেওয়ার কৌশল নেওয়া থেকে বিরত থাকা সবার জন্যই মঙ্গল। পাহাড়ি ছাত্রপরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা সম্প্রতি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়া শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘পাহাড়ের আর ঢাকার আগুনের পার্থক্য নেই। অবহেলায় অধিকারবঞ্চিত করার ফল এটা।’ সাজেক ভূমি কমিটির রিপন চাকমা গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান।’ এরপর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় সংহতি জানান বিপ্লবী ছাত্রমৈত্রী, প্রগতির পরিব্রাজক দল (প্রপদ), পাহাড়ি ছাত্রপরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।