সাজেকে আবার ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আবার ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইউএনডিপি-জেলা পরিষদ যৌথভাবে গতকাল মঙ্গলবার রুইলুই পাড়ার অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে ডায়রিয়া-আক্রান্ত অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা দেয়।
গতকাল সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত ওই রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এতে ইউএনডিপির চিকিৎসক মো. শাহীম আক্তার, জেলা পরিষদের চিকিৎসক ওমং প্রু মারমা ও উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের চিকিৎসক দিব্য শেখর চাকমা চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।
এদিকে রুইলুইপাড়া, দাড়িপাড়া ও ধাব আদাম এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে খাওয়ার স্যালাইনসহ ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে বিজিবি। গত সোমবার বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনোয়ার পাশা রুইলুই পাড়ায় ডায়রিয়া আক্রান্ত ১০ জন রোগীকে চিকিৎসা দেন। এর আগে মাচালং ও রুইলুই পাড়া থেকে গুরুতর অবস্থায় ১৫ জনকে খাগড়াছড়ি ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বাঘাইছড়ি ইউএনডিপির সমন্বয়ক আলো প্রিয় চাকমা বলেন, জেলা পরিষদ ও ইউএনডিপির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরিদর্শনে রুইলুই পাড়ায় যান। সেখানে ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। তাৎক্ষণিকভাবে চিকিৎসা ক্যাম্প খোলা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৯০ জনকে চিকিৎসা দেওয়া হয়।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনোয়ার পাশা বলেন, ‘খবর পেয়ে চিকিৎসা দেওয়ার জন্য রুইলুই পাড়ায় যাই। আমরা কিছু ডায়রিয়ার রোগী পেয়েছি। গুরুতর রোগীদের খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।’
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেকের বিভিন্ন দুর্গম গ্রামে ডায়রিয়ার প্রকোপ চলছে। চিকিৎসক না থাকায় কিছুদিন আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডায়রিয়া আক্রান্ত ১৫ জন রোগীকে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গত মাসে সাজেক ইউনিয়নের ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।