সাজেকে তিন দিনে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। চিকিৎসকেরা বলছেন, ছড়া ও ঝিরির দূষিত পানি পান করার কারণে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে ইউনিয়নের দুর্গম কয়েকটি গ্রামে ডায়রিয়া দেখা দেয়। দু-এক দিনের মধ্যে বিভিন্ন গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়ে।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে একজন, গত বুধবার তিনজন ও গত মঙ্গলবার একজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি জানান, মৃত ব্যক্তিরা হলেন শিয়ালদাই গ্রামের বাতরায় ত্রিপুরা (৩০) ও তাঁর মা ভদ্রাপতি ত্রিপুরা (৫০); চিল্লেতলী গ্রামের বিদ্যামোহন ত্রিপুরা (৬৫) ও তাঁর স্ত্রী লক্ষ্মী রানী ত্রিপুরা (৫২) এবং বীরেন্দ্র ত্রিপুরার স্ত্রী কুসুমতি ত্রিপুরা (৪৫)। ডায়রিয়ায় ওই দুই গ্রামের অর্ধশতাধিক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
অতুলাল চাকমা জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিন শতাধিক রোগীকে ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া মাচালং উপস্বাস্থ্যকেন্দ্রে গুরুতর অসুস্থ ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জনপ্রতিনিধিরা জানান, ইউনিয়নের ২০ থেকে ২৫টি গ্রামে ডায়রিয়া দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার জরুরি সভায় দুটি মেডিকেল টিম গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে টিমগুলোকে চিল্লেতলী ও শিয়ালদাই এলাকায় পাঠানো হয়। এ ছাড়া সেনাবাহিনীর একটি চিকিৎসক দল হেলিকপ্টারে করে শিয়ালদাই গেছে। তাঁরা সন্ধ্যা পর্যন্ত গুরুতর অসুস্থ ১০ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন। পাশাপাশি বিজিবির দুটি দল শিয়ালদাই এলাকায় ওষুধ বিতরণ করছে ও চিকিৎসাসেবা দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, শিয়ালদাই ও চিল্লেতলীতে আলাদা দুটি চিকিৎসক দল গেছে। শুক্রবার (আজ) আরও একটি চিকিৎসক দল যাবে। তিনি বলেন, ছড়া ও ঝিরির দূষিত পানি পান ও ব্যবহার করায় ডায়রিয়া দেখা দিয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, সাজেক ইউনিয়নের পাহাড়ি এলাকায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষের বসবাস। তাদের পানির একমাত্র উৎস ছড়া, ঝরনা ও ঝিরি। বৃষ্টির পর ছড়ায় বিভিন্ন ধনের পচা জিনিসপত্র ভেসে আসে। এ কারণে ছড়া ও ঝিরির পানি দূষিত হয়ে পড়ে। অন্য কোনো উৎস না থাকায় এলাকার মানুষ এসব দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। শিয়ালদাই গ্রামের কারবারি (গ্রামপ্রধান) ভুজন ত্রিপুরা বলেন, ‘আমাদের গ্রামে সেনাবাহিনী ও বিজিবি একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প খুলেছে।’
বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনীর চিকিৎসক দল হেলিকপ্টারে করে এসে শিয়ালদাই এলাকায় চিকিৎসাসেবা শুরু করেছে। আমাদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে। কারণ, শিয়ালদাই গ্রামের পাশে আমাদের ক্যাম্প আছে। এ ছাড়া বিজিবির দুটি দলকে ওষুধসহ দুর্গম গ্রামে পাঠানো হয়েছে।’