সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে নিহত ১
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দাড়িপাড়া এলাকায় গতকাল শুক্রবার পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ১৩ জন পর্যটক জিপ নিয়ে (চাঁদের গাড়ি) খাগড়াছড়ি ফিরছিলেন। পর্যটনকেন্দ্র থেকে পাঁচ শ গজ দূরে দাড়িপাড়া এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মো. টিটু মিয়া (৩৫) নামে একজন পর্যটক জিপের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জিপে থাকা বাকি ১২ জন গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন। তাঁদের কয়েকজনের মাথা ফেটে গেছে। এ ছাড়া অনেকের হাত ভেঙে যায়। হতাহত ব্যক্তিদের বাড়ি নারায়ণগঞ্জে। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বাঘাইহাট জোনে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।