সাজেকে বনকুকুরের কামড়ে দুই মাসে ৩৫ গরুর মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তিন গ্রামে বনকুকুরের কামড়ে দুই মাসে ৩৫টি গরুর মৃত্যু হয়েছে। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, গত ৬ আগস্ট সাজেক ইউনিয়নে শিয়ালদাই, অরুণ পাড়া ও লংতিয়ান পাড়া গ্রামের লোকজন প্রতিদিনের মতো গরু চড়াতে যান। বিকেলের দিকে সব গরু একত্র করে গণনা করা হলে দেখা যায়, সাতটি গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাড়-মাংস পাওয়া যায়। সে সময় গরুগুলো বাঘের আক্রমণের শিকার ভেবে ভয়ে সবাই চলে আসেন। পরদিন আবার অন্য এলাকায় চারটি গরু না পেয়ে গ্রামের লোকজন খুঁজতে থাকেন। এ সময় তাঁরা ২০-২৫টি বনকুকুরকে গরুর মাংস খেতে দেখেন। পরে নিশ্চিত হওয়া যায় বনকুকুররাই গরুগুলো শিকার করছে। পরবর্তী সময়ে ওই তিন গ্রামে দুই মাসে বনকুকুরের কামড়ে ৩৫টি গরু মারা গেছে বলে জানা গেছে।স্থানীয় হগেন ত্রিপুরা ও বীর কুমার চাকমা জানান, কয়েক বছর ধরে কিছু অসাধু শিকারি গ্রামগুলোর পার্শ্ববর্তী মাচালং বনের বন্য প্রাণী বিভিন্ন ফাঁদ পেতে শিকার করে আসছে। বর্তমানে ওই বনে হরিণ, বনশূকরসহ কোনো বন্য প্রাণী চোখে পড়ে না। এতে খাবারের খোঁজে তিন-চার মাস আগে গ্রামের পাশে বনকুকুর ও বাঘ দেখা গেছে। তাঁদের ধারণা, বনে খাবার না পেয়ে বনকুকুররা গরু শিকার করা শুরু করেছে।বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা মো. আবদুস সাত্তার বলেন, ‘বন্য প্রাণীদের এখন লোকালয়ে দেখা যাচ্ছে। কিছু অসাধু শিকারি বনে ঢুকে হরিণ, শূকর মেরে খাচ্ছে। এতে ক্রমেই কমে যাচ্ছে বনকুকুরের খাদ্য। যে এলাকায় বনকুকুর গরু শিকার করছে, সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া আমাদের বন পাহারা দেওয়ার মতো অস্ত্র ও জনবল নেই।’ সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে কয়েকটি গ্রামে বনকুকুররা বেপরোয়া হয়ে পড়েছে। তাদের কামড়ে অনেক গরু মারা গেছে।’বাঘাইছড়ি উপজেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বনকুকুরের প্রস্রাবে বিষ রয়েছে। এরা মূলত বিভিন্ন প্রাণী শিকার করে খেত। এ ছাড়া তাদের কামড় ভয়ংকর। বনকুকুর থেকে রক্ষা পেতে হলে সতর্ক থাকতে হবে। আমি মাঠকর্মীদের বলে দিয়েছি, গ্রামে গিয়ে লোকজনকে সতর্ক করার জন্য।’