সাজেকে শিক্ষক অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে সত্যজিৎ চাকমা (৩২) নামের এক শিক্ষককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তবে কোন দল তাঁকে অপহরণ করেছে, তা জানা যায়নি। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের ডানে ভাইবোন ছড়া গ্রামের নিজ বাড়ি থেকে সত্যজিৎ চাকমাকে এক দল সশস্ত্র দুর্বৃত্ত অপহরণ করে। তিনি নন্দলাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল বৃহস্পতিবার চেষ্টা করেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্থানীয় মুরব্বি ও স্বজনেরা।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অপহূত সত্যজিৎ চাকমা কোনো দল বা রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে তাঁর বড় ভাই দীর্ঘদিন থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় সদস্য। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।