সাজেকের আদিবাসী গ্রামে খাদ্য পাঠানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের খাদ্যসংকটে থাকা গ্রামগুলোতে জরুরি খাদ্য সরবরাহের উদ্যোগ শুরু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর পদক্ষেপ নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।অপরদিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করা ১৫ মেট্রিন টন চাল খাদ্যসংকটে থাকা গ্রামগুলোতে পৌঁছে দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় প্রকাশিত ‘অর্ধাহারে-অনাহারে আদিবাসীরা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর প্রশাসন এ উদ্যোগ শুরু করে। গতকাল খাদ্যসংকটের বিষয়ে জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রতিবেদনে বাঘাইছড়ির ইউএনও মুহাম্মদ রেহান উদ্দিন জানান, খাদ্যসংকট দেখা দেওয়া গ্রামগুলোতে যেতে উপজেলা সদর থেকে কমপক্ষে তিন দিন লাগে। এ ছাড়া চালসহ খাদ্যদ্রব্য পরিবহনে খরচ বেশি হওয়ায় সেখানে চালের দাম বেড়ে গেছে। প্রতিবেদনে জানানো হয়, গ্রামগুলো ভারতের মিজোরাম ও ত্রিপুরার কাছাকাছি। গ্রামের লোকজন জরুরি প্রয়োজনে সেসব রাজ্য থেকে খাদ্য সংগ্রহ করত। কিন্তু সমপ্রতি ভারত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে সীমান্ত এলাকার লোকজন জরুরি ভিত্তিতে খাদ্য সংগ্রহ করতে পারছে না।যোগাযোগ করা হলে ইউএনও রেহান উদ্দিন বলেন, ‘খাদ্যসংকট মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। এসব এলাকায় ভিজিডি, ভিজিএফ কর্মসূচি চালু করা ও বিজিবির সহযোগিতায় ত্রাণ পাঠানোর বিষয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’ জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ইউএনওর প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সেটি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইরফান শরীফ জানান, প্রায় এক মাস আগে ওই এলাকার জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। কিন্তু গ্রামগুলোর লোকজনের তালিকা না পাওয়ায় সেগুলো বাঘাইছড়ি উপজেলা খাদ্যগুদামে মজুদ রাখা হয়েছে। মজুদ খাদ্য জরুরি ভিত্তিতে পাঠানোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদের ব্যাখ্যা জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পক্ষ থেকে সাজেকের খাদ্যসংকট বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রতিবেদন পাঠানোর বিষয়ে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সহকারী কর্মসূচি কর্মকর্তা রোনেল চাকমা। তিনি জানান, ডব্লিউএফপির প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে এডিবির নাম উল্লেখ নেই। সাজেকের খাদ্যসংকট মোকাবিলায় বিভিন্ন দাতা সংস্থাকে সহযোগিতার কথা বলা হয়েছে।