সাজেকের প্রাথমিক শিক্ষার বেহাল দশা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা চলছে। শিক্ষকদের অনুপস্থিতি, শিক্ষা কর্মকর্তাদের পরিদর্শনে না যাওয়া এবং শিশুদের বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝরে পড়ার কারণে এ অবস্থা বলে জানা গেছে।
বিভিন্ন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০৭ বর্গমাইল এলাকা বিস্তৃত সাজেক ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মাত্র আটটি। ৫২ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত ওই আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৭১ জন!
তবে সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘এই আটটি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় বিদ্যালয় গমনোপযোগী শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে তিন হাজার। তবে সম্প্রতি কিছু বেসরকারি সংস্থা (এনজিও) কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করায় সেসব বিদ্যালয়েও বেশ কিছু শিক্ষার্থী পড়াশোনা করছে।’
বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নানা সমস্যার কারণে সাজেকের বিদ্যালয় গমনোপযোগী শিশুদের সঠিক তথ্য সংগ্রহ করা যায় না। তবে সাজেক ইউনিয়নে শিশুদের ঝরে পড়ার হার ২৫ শতাংশের বেশি।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নের আটটি সরকারি বিদ্যালয়ের মধ্যে শিক্ষক রয়েছেন ১৯ জন। তাঁরা হলেন লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন, শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন, নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন, ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন, রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন এবং কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন।
এঁদের মধ্যে নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমীরণ চাকমা, কংলাক সরকারি প্রাথমিক বিদালয়ের চাং পুই রোজ মেরী লুসাই এবং রুইলুই সরকারি প্রাথমিক বিদালয়ের মানিক রতন চাকমা মাঝেমধ্যে বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। অপর ১৬ জন বিদ্যালয়ে না গিয়ে বেতন-ভাতা তোলেন। শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুগপুই থাং ত্রিপুরা বলেন, ‘প্রায় দুই বছর আগে বিদ্যালয়ের শিক্ষকদের না আসার বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযোগ করার পর শিক্ষকদের বেতন বন্ধ হয়েছিল বলে শুনেছি। তবে এখনো পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।’
বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুয়াল থান পাংখোয়া বলেন, ‘বিদ্যালয়ে সরকারি শিক্ষকেরা না আসায় একজন ভাড়া শিক্ষক রেখেছি। আমরা তাঁকে শিক্ষার্থী-পিছু মাসিক টাকা দিই। আর সরকারি শিক্ষকেরা মাঝেমধ্যে টাকা দেন বলে জানি। বিদ্যালয়ে বর্তমানে ৩৬ জন ছাত্রছাত্রী রয়েছে। টাকা দিতে না পারায় অনেকে ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠান না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে মুঠোফোনের নম্বর সংগ্রহ করে কয়েকজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘সাজেকের শিক্ষকদের বিদ্যালয়ে না যাওয়ার ব্যাপারে অনেক অভিযোগ পাই। তবে আমরাও পরিদর্শনে যেতে পারি না। সে কারণে বিদ্যালয় পরিচালনা কমিটির ওপর আমাদের নির্ভর করতে হয়। তাদের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হয়।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘সাজেকের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। আমি নিজে কয়েকবার কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক পাইনি। বিষয়টি অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’