
গাছে গাছে ঝুলছে কমলা। কোনোটি গাঢ় রঙের, কোনোটির রং ধরতে শুরু করেছে সবে। কমলাবাগানের মালিক অনিল কুমার চাকমা বাঁশের আকশি দিয়ে পাকা কয়েকটি কমলা পেড়ে বললেন, ‘খেয়ে দেখেন।’ বড়সড় আকারের কমলা, হাতের মুঠোয় আটে না। একটা কোয়া মুখে দিতেই বোঝা গেল কেন সাজেকের কমলার এত নাম।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ছয়নালছড়া গ্রামের কমলাবাগানে কথা হয় অনিল কুমার চাকমার সঙ্গে। এখানে তিনি ও তাঁর ছেলে বুদ্ধ চাকমা কমলার বাগান করেছেন। কমলা চাষের আয় থেকে করেছেন গরু ও গবাদিপশুর খামার। সংসারেও এসেছে স্বাচ্ছন্দ্য। গত নভেম্বর মাসেই কমলাবাগান থেকে তঁাদের আয় হয়েছে লাখ টাকার মতো।
সাজেকের রুইলুইপাড়া থেকে প্রায় আট কিলোমিটার দূরে ছয়নালছড়া গ্রামে যাওয়ার পথটা সহজ নয়। সড়কের পাশে পাহাড় বেয়ে নামলেই দাড়িপাড়া গ্রাম। এরপর দেড় হাজার ফুট উঁচু আরও একটি পাহাড় বেয়ে নিচে নামলে ছয়নালছড়া। পাহাড়ি এই ছড়া ধরে ঘণ্টা দেড়েক গেলে ছড়াটির নামেই ছয়নালছড়া গ্রাম। এখানেই অনিল কুমার চাকমার কমলাবাগান।
অনিল চাকমা বলেন, এ বছর পাহাড়ে অনেক কমলাচাষি মার খেয়েছেন। ফলন ভালো হয়নি। তবে সাজেকের বাগানগুলোতে কমলার ফলন কমেনি। যাতায়াতব্যবস্থা দুর্গম হলেও আদিবাসী ব্যবসায়ীরা প্রতিদিন ঝুড়ি ভর্তি করে কমলা নিয়ে যান। একেক ঝুড়িতে ৪০০ কমলা ধরে। এক জোড়া কমলা বাগানে বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকা।

কমলা চাষ করার সময় কোনো রকম সার বা কীটনাশক ব্যবহার করা হয় না বলে জানালেন অনিল চাকমা। কোনো রাসায়নিক ছাড়াই উৎপন্ন হচ্ছে সাজেকের কমলা।
বিশাল সাজেক ইউনিয়নের বেশির ভাগ এলাকায় এখনো যাতায়াতের রাস্তা তৈরি হয়নি। ইউনিয়নের লংকর বা ব্যাটেলিংপাড়ায়ও রয়েছে অনেকগুলো কমলাবাগান। যাতায়াতব্যবস্থা দুর্গম হওয়ায় সেসব বাগানের কমলা নদীপথেই খাগড়াছড়ি ও রাঙামাটি নিয়ে যাওয়া হয়।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চলতি মৌসুমে এক হাজার ২৫৮ একর জমিতে কমলা চাষ হয়েছে। এর মধ্যে শুধু সাজেক ইউনিয়নে এক হাজার ২২৩ একরে কমলা চাষ করা হয়। সাজেক ইউনিয়নে সবচেয়ে কমলা চাষ হয় ব্যাটলিং, তুইছুই, ছয়নালছড়া, লংকর ও মাচালং এলাকায়। বাকি ৩৫ একর কমলাবাগান অন্য ইউনিয়নে। এ মৌসুমে কমলা উৎপাদন হয়েছে এক হাজার ৪৩ মেট্রিক টন। এর মধ্যে সাজেক ইউনিয়নে এক হাজার ৫০ মেট্রিক টন। উৎপাদিত কমলার ৬০ শতাংশ রাঙামাটি-খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বাজারজাত করা হয়। বাকি ৪০ শতাংশ সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
কমলা ব্যবসায়ী নীলমণি চাকমা ও মো. আবদুল খালেকের সঙ্গে কথা হয় রুইলুইপাড়ায়। তাঁরা প্রতিদিন দুর্গম এলাকায় অবস্থিত বাগান থেকে কমলা কিনে বিক্রি করেন পর্যটক ও শহর থেকে আসা ব্যবসায়ীদের কাছে। তাঁরা বলেন, সাজেকের রুইলুই এলাকা এখন পর্যটন কেন্দ্র হওয়ায় কমলাচাষিরা ভালো দাম পাচ্ছেন। পর্যটকেরা প্রতিদিন কয়েক হাজার কমলা কেনেন। আগে জোড়া পাঁচ থেকে ১০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
বাঘাইছড়ি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, সাজেক ইউনিয়নের মাটি কমলা চাষের জন্য উপযোগী। কমলার আকার বড়, রস বেশি, স্বাদেও মিষ্টি।