সাজেদা চৌধুরীকে সোনার নৌকা দিয়ে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরকান্দা কলেজ সরকারি করার ক্ষেত্রে অবদান রাখায় দুই ভরি ওজনের সোনার নৌকা-সংবলিত ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে।
এ উপলক্ষে কলেজের উদ্যোগে নৌকার আদলে ১৫টি তোরণ নির্মাণ ও মঞ্চটি সাজানো হয়।
গতকাল রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দা কলেজসংলগ্ন মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। নগরকান্দা কলেজ সরকারি হওয়ায় কলেজ কর্তৃপক্ষ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সাজেদা চৌধুরীকে কলেজের পক্ষ থেকে দুই ভরি ওজনের সোনার নৌকা-সংবলিত একটি সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে সৈয়দা সাজেদা চৌধুরী, তাঁর স্বামী গোলাম আকবর চৌধুরী ও তাঁর তিন ছেলে আয়মন আকবর, সাজেদ আকবর ও সাহাদত আকবর বক্তব্য দেন।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী বলেন, ‘নগরকান্দাকে নগরে পরিণত করতে চেয়েছি। কিছু কাজ বাকি আছে, সময় পেলে সে কাজটুকুও করে যাব। আপনাদের দোয়ায় আজ আমি এ পর্যন্ত এসেছি। এখানকার জনগণের সুবিধার্থে নগরকান্দায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আপনারা আমাকে দোয়া করবেন, যাতে আগামী দিনে আমি আমার স্বপ্ন পূরণ করে যেতে পারি।’
সংবর্ধনা সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর মিয়া, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে কলেজের উদ্যোগে নৌকা-সংবলিত ১৫টি তোরণ ও সাজেদা চৌধুরীর কর্মকাণ্ড নিয়ে ২৫০টি ফেস্টুন স্থাপন করা হয়।