সাজেদা চৌধুরীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আইনজীবীর মাধ্যমে এ ব্যাখ্যা দিতে হবে। তবে এ জন্য তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে না।সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আসামিপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে সাজেদা চৌধুরীর বক্তব্য আদালত অবমাননার শামিল। ট্রাইব্যুনাল বলেন, ওই বক্তব্যের বিষয়ে সাজেদা চৌধুরীর ব্যাখ্যা জানা প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল আদেশ দেন।মুজাহিদের আবেদন খারিজ: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ থেকে বিচারকদের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর (রিকিউজাল) জন্য আসামিপক্ষের করা আবেদন গতকাল শুনানি শেষে একই ট্রাইব্যুনাল খারিজ করেন। শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির এবং প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর ১২ আগস্ট এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও দুই সদস্যের সঙ্গে দেখা করেছেন। বিচারকের সঙ্গে সাক্ষীর দেখা হওয়ায় বিচারকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ট্রাইব্যুনাল আদেশে বলেন, তাঁরা শহীদ পরিবারের সদস্য হিসেবে দেখা করেছেন।