সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা। গতকাল রোববার এ বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর নজরে আনেন তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক। ২৭ আগস্ট এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।গতকাল বিচারকাজ শুরু হলে সাজেদা চৌধুরীর একটি বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এনে আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, সাজেদা চৌধুরী বলেছেন, একাত্তরে রাজাকারেরা আইন মেনে নির্যাতন করেনি। কাজেই এত আইন দেখলে হবে না। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু-একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন কপচানি বন্ধ হবে। এ জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।সফিউদ্দিন মোল্লাকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ষষ্ঠ সাক্ষী সফিউদ্দিন মোল্লাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। আজ সোমবার তাঁকে আধা ঘণ্টা জেরা করা হবে।আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে জেরায় এক প্রশ্নের জবাবে সফিউদ্দিন বলেন, একাত্তরে তিনি ঝোপের ধারে যে গর্তের মধ্যে লুকিয়ে আলব্দী গ্রামের হত্যাকাণ্ড দেখেছিলেন, তা প্রায় চার ফুট গভীর ছিল।আইনজীবী পরে মত দেন, কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষীর জবানবন্দি অসত্য ও ভিত্তিহীন। সফিউদ্দিন বলেন, ‘এটা সত্য নয়।’নিজামীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ ২৬ আগস্ট: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৬ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (এক সদস্য পরে আসেন) গতকাল রোববার এ দিন ধার্য করেন।নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের ধার্য দিন ছিল গতকাল। একই ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা ৮ আগস্টের মধ্যে শেষ করার জন্য ধার্য রয়েছে। তদন্ত কর্মকর্তাকে সারা দিন জেরার জন্য আসামিপক্ষকে সুযোগ দিতে ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণের দিন দ্বিতীয় দফায় পিছিয়ে দেন।তদন্ত কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে ৪২তম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।