সাজেদা চৌধুরীর বিরুদ্ধে করা দুদকের মামলা বাতিল
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। মামলাটি বাতিল চেয়ে সাজেদা চৌধুরীর করা আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাজেদা চৌধুরীর বিরুদ্ধে ২০০৮ সালের ১০ জুলাই দুদক রমনা থানায় এ মামলা করে। মামলাটি বাতিল চেয়ে সাজেদা চৌধুরী আবেদন করেন গত ১৪ অক্টোবর। প্রাথমিক শুনানি শেষে ১৭ অক্টোবর হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। সাজেদা চৌধুরীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।