সাজের জন্য কেনাকাটা
জামা-জুতা কেনা শেষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এখন শুরু হয়েছে হাত রাঙাতে মেহেদি আর নিজেকে সাজাতে বিভিন্ন প্রসাধনসামগ্রী কেনাকাটার ধুম। কিশোরী আর তরুণীরা দিন-রাতে এসব জিনিস কিনতে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন এক দোকান থেকে আরেক দোকানে।
গত দুই দিন উপজেলার চান্দাইকোনা, সলঙ্গা ও রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার ঘুরে এসব বিষয় দেখা যায়। ধানগড়া বাজারের পারফেক্ট কসমেটিকস নামের একটি দোকানের সামনে কথা হয় কলেজ পড়ুয়া তানজিলা পারভিনের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে ভালো চলছে এমন মেহেদিসহ সাজার বিভিন্ন জিনিস কিনতে এসেছি।’ ছোট সাদিয়া আলম একই ধরনের কথা বলে।
দোকানটির মালিক ইবনে আবদুল্লাহ সাদী বলেন, ঈদের তিন-চার দিন আগে প্রসাধনসামগ্রীর বিক্রি অনেক বেড়ে যায়। ঈদ মৌসুমে দামের কথা চিন্তা না করে অনেকেই ভালো মানের পণ্য কেনেন বলে তিনি জানান।
ধানগড়া হাইস্কুল গেটে মোনালিসা স্টোরে কথা হয় গৃহবধূ মরিয়ম পারভিনের সঙ্গে। তিনি বলেন, ‘মেহেদিসহ সবকিছুই এখন বাজারে পাওয়া যায়। মেয়েদের সঙ্গে নিয়ে এসব কিনতে এসেছি।’ স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমাদের সময়ে মেহেদি কিনতে পাওয়া যেত না। দল বেঁধে গাছ থেকে মেহেদি পাতা নিয়ে এসে পাটায় বেটে সবাই মিলে হাতে লাগাতাম। এতে আনন্দ বেশি হতো।’