সাজেশনস থেকে কমন পড়ায় প্রশ্নপত্র ফাঁসের গুজব: শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। সাজেশনস থেকে প্রশ্নপত্র কমন পড়ার বিষয়টিকে অনেকে প্রশ্নপত্র ফাঁসের গুজব বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালায়। আজ রোববার সংসদের নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেলে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
হাবিবুর রহমান মোল্লার এ সম্পর্কিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, কিছু কোচিং সেন্টার, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া সাজেশন থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে থাকে। বিষয়টিকে অনেকে প্রশ্নপত্র ফাঁস বলে গুজব ছড়ায়। তার পরও জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় দৃঢ় অবস্থান গ্রহণ করে থাকে। মন্ত্রণালয় থেকে সতর্কমূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি করে মাদ্রাসা আছে ময়মনসিংহ ও কুমিল্লায়। এ ছাড়া নওগাঁয় ৫৪, টাঙ্গাইলে ৫২ ও কক্সবাজারে ৫০টি মাদ্রাসা রয়েছে। সবচেয়ে কম চারটি মাদ্রাসা রয়েছে মানিকগঞ্জে।
মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না এবং মাদ্রাসায় ঢুকলেই আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধবিরোধী শিক্ষা দেওয়া হয়—কামাল আহমেদ মজুমদার এমন অভিযোগের সত্যতা জানতে চেয়ে সম্পূরক প্রশ্ন করেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেসব মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায়, সেগুলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা পেয়ে থাকে। তিনি বলেন, ‘অভিযোগ এককথায় নাকচ করছি না। আংশিক সত্যতা থাকলেও থাকতে পারে। মাদ্রাসা বোর্ডের অধীনে পরিচালিত সব ইবতেদায়ি মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ঢাকা শহরে রাজউকের অনুমোদনহীন নকশায় নির্মিত ভবনের সংখ্যা চার হাজার ৯৭টি। রাজউক নিয়মিত কার্যক্রমের আওতায় অনুমোদনহীন স্থাপনা অপসারণ করে থাকে।