সাজ্জাদ এখন সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে

নাসিরউদ্দিন আহম্মেদ এক দৃষ্টে ছোট ছেলে সাজ্জাদের মুখের দিকে তাকিয়ে, ওর দুই চোখে গাঢ় সুরমা, গোটা মুখে ছড়িয়ে ছিটিয়ে জরির চিহ্ন। একসময় জটলার মধ্য থেকে আত্মীয়স্বজনদের কাউকে বলতে শোনা গেল, জোহরের নামাজের পর জানাজা। ‘মুর্দা’কে তাড়াতাড়ি নিতে হবে। ব্যস্ত হাতে কাফনের কাপড়ে মুখ ঢেকে দেওয়া হলো ওর। শক্ত-সমর্থ চেহারার নাসির এবার আছড়ে পড়লেন পাশেই দাঁড়িয়ে থাকা এক স্বজনের বুকের ওপর।
কেরানীগঞ্জের চুনকুটিয়ার হাবিবনগর স্কুলের সামনে থেকে সাজ্জাদের মৃতদেহ যখন স্বজনদের কাঁধে চেপে মসজিদের পথে রওনা হয়েছে, মা রাশেদা তখন ব্যাকুল হয়ে একে ওকে শুধাচ্ছেন, ‘আমার সাঞ্জু আবার আসবে তো? আবার আসবে, না?’ সাজ্জাদের ডাকনাম সাঞ্জু। স্বজনেরা মাকে মিথ্যে আশ্বাসে ভোলাচ্ছেন, ‘সাঞ্জু ফিরবে। আবার ফিরবে।’
শুক্রবার গভীর রাতে হোসেনি দালানে গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছে ১২ বছরের সাজ্জাদ হোসেনের। লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, লোহার টুকরো সাজ্জাদের পিঠ দিয়ে ঢুকে ফুসফুসে আঘাত করে। শরীরে আটটি স্প্লিন্টার ঢুকেছিল। ময়নাতদন্তের সময় পাওয়া গেছে লোহা ও প্লাস্টিকের টুকরো।
সাজ্জাদের বড় ভাই মো. রাশেদসহ মোট সাতজন সে রাতে হোসেনি দালানে ছিলেন। রাশেদ বলছিলেন, আড়াই বছর বয়স পর্যন্ত তাঁর ছেলে সিহাব কথা বলেনি। কথা শিখলে মিছিলের সামনে থাকবেন এমন মানত করেছিলেন। রাতে তাই স্ত্রী সুমি আক্তার (২৮), মেয়ে সাজিয়া সুলতানা স্নেহা (১১), ছেলে সিহাব (৫), ছোট ভাই সাজ্জাদ হোসেন সাঞ্জু (১২), শাশুড়ি আয়শা বেগম (৬২) আর ভাগনে রাজনকে নিয়ে গিয়েছিলে হোসেনি দালানে। রাত পৌনে দুইটার দিকে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলা হয়। তাঁরা সবাই মাটিতে শুয়ে পড়েছিলেন। রাশেদ বলছিলেন, ‘হঠাৎ দেখি আমার ছোট ভাইটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি ওকে কোলে নিয়ে ছুটতে থাকি। হোসেনি দালানের ছাদে গিয়ে পেয়ে যাই কয়েকজনকে। তাদের সহায়তায় হাসপাতালে যাই। সাঞ্জু খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিল। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই ডাক্তার বলল ও আর নেই।’
নাসির-রাশেদা দম্পতির নবম শ্রেণি পড়ুয়া ছেলে শাহেদ পানিতে ডুবে মারা যাওয়ার পর সাজ্জাদের জন্ম। চার ভাই ও দুই বোনের চেয়ে বয়সে সাজ্জাদ অনেক ছোট।