সাজ্জাদের দাফন আজিমপুর কবরস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গতকাল শুক্রবার গভীর রাতে বোমা হামলায় নিহত কিশোর সাজ্জাদ হোসেনের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার বাদ জোহর লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন সাজ্জাদের বাবা মো. নাসির।


নাসির জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাজ্জাদের লাশের ময়নাতদন্ত শেষে সকালে তাঁর কাছে লাশ হস্তান্তর করা হয়। বেলা ১১টার দিকে সাজ্জাদের লাশ তাঁদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢ্যা উত্তরপাড়া হাবিবনগরে নিয়ে আসা হয়। সেখানে জোহরের নামাজের পর প্রথম জানাজা হয়। এরপর তাঁদের আদিবাড়ি পুরান ঢাকার আরমানিটোলায় দ্বিতীয় জানাজা হয়। পরে আজিমপুর কবরস্থানে লাশ দাফন করা হয়।


গতকাল রাতের বোমা হামলার ঘটনায় শতাধিক আহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে ৫৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৭ জন মিটফোর্ড হাসপাতালে ও ১৬ জন মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ বহির্বিভাগ সূত্রে জানা গেছে, কাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত সেখানে বোমা হামলায় আহত ৪২ জন চিকিৎসা নিয়েছেন।