তথ্য চেয়ে আবেদন করার পরও তথ্য না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল বাছেদকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) মো. শরিফুল ইসলামকে তিরস্কার করা হয়েছে। গতকাল বুধবার তথ্য কমিশন এ রায় দিয়ে আগামী রোববারের মধ্যে আবেদনকারীর চাহিদামতো তথ্য প্রদানের নির্দেশ দিয়েছেন।জানা যায়, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন তথ্য অধিকার আইন ২০০৯-এর ৮ (১) ধারা অনুযায়ী বিভিন্ন তথ্য জানতে চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি সাটুরিয়া উপজেলা পিআইওর কার্যালয়ে লিখিত আবেদন করেন। ওই আবেদনে তিনি চলতি অর্থবছরসহ ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে কাবিখা, কাবিটা, সাধারণ টিআর, বিশেষ টিআর ও কর্মসৃজন কর্মসূচির অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের নাম ও বরাদ্দের পরিমাণ জানতে চান। কিন্তু ২০ কর্মদিবস পার হওয়ার পরও ওই দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তথ্য না পেয়ে নিয়ম অনুযায়ী আপিল কর্তৃপক্ষ ডিআরও মো. শরিফুল ইসলামের কাছে আপিল করেন মোমিন। এর পরও সাংবাদিককে তথ্য দেওয়া হয়নি। এ ব্যাপারে গত ২৫ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করেন তিনি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ডিআরও শরিফুল, পিআইও বাছেদ ও অভিযোগকারী আব্দুল মোমিনকে তথ্য কমিশনে ডাকা হয়। গতকাল বেলা ১১টার দিকে তথ্য কমিশনে শুনানি হয়। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের ও অধ্যাপক সাদেকা হালিম বাদী ও বিবাদী পক্ষের উপস্থিতিতে শুনানি গ্রহণ করেন। প্রায় ৪০ মিনিট ধরে শুনানিকালে পিআইও আবদুল বাছেদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশন তাঁকে ৫০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি আগামী রোববারের মধ্যে আবেদনকারীকে চাহিদামতো সব তথ্য সরবরাহ করারও নির্দেশ দেন। এ ছাড়া ডিআরও শরিফুল ইসলাম ও পিআইও বাছেদকে তিরস্কার করা হয়। শুনানি শেষে তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, ‘তথ্য অধিকার আইন লঙ্ঘন করায় পিআইও আবদুল বাছেদকে জরিমানা করা হলো।’