সাটুরিয়ার সেই পিআইওর অনিয়ম তদন্ত করবেন উপজেলার কর্মকর্তারা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে টেস্ট রিলিফ, কাজের বিনিময়ে টাকা ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি হয়েছে। জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে গতকাল রোববার উপজেলারই অন্য কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠিত হয়।তদন্ত কমিটিতে রয়েছেন সাটুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা।‘প্রকল্প কর্মকর্তার দপ্তরেই গেল সাড়ে ২৬ টন!’ শিরোনামে প্রথম আলোর প্রথম পাতায় গতকাল প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এর পর পরই জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বিষয়টি তদন্তের জন্য সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আখতারকে নির্দেশ দেন। সাটুরিয়ার সাবেক পিআইও আবদুল বাছেদ তাঁর কার্যালয়ের শৌচাগার নির্মাণ ও মেরামত এবং কম্পিউটার মেরামতসহ বিভিন্ন ভুয়া ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের কাজের জন্য গত তিন অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির বরাদ্দ থেকে খাদ্যশস্য ও অর্থ ব্যয় করেন।সাটুরিয়ার ইউএনও শাহীন আখতার প্রথম আলোকে বলেন, পিআইওর বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা তিন সদস্যের কমিটি তদন্ত করে দেখছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।