সাটুরিয়ার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষককে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত রোববার ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ বিষয়ে প্রথম আলোসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আরার নজরে আসে। পরে তাঁর নির্দেশে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন: সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিশ্বাস ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদর উদ্দিন আহমেদ।তদন্ত কমিটির সদস্য সিরাজুল ইসলাম বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।