সাটুরিয়ায় অগ্নিকাণ্ডে বাড়ি ও দোকান পুড়ে গেছে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজারে গতকাল শনিবার বিকেলে অগ্নিকাণ্ডে একটি বাড়িসহ ১০টি দোকান পুড়ে গেছে। এতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করেছেন।সাটুরিয়া থানার পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে আইনুল হকের লেপের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন একটি বাড়িসহ আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়।খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে স্কুলশিক্ষক হরিহর সাহা ও অনিল সাহার বাড়িসহ ১০টি দোকান পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শংকর বণিক জানান, তাঁর দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি অভিযোগ করেন, আগুন নেভাতে এসে অনেকই দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে।মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ চন্দ্র বাড়ৈ এবং সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ সমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।