সাটুরিয়ায় এক বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার নগদ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নিয়ে গেছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা একটি ইটভাটার মালিক আবদুল হাকিমের বাড়িতে রাত একটার দিকে ১০-১২ সদস্যের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা প্রথমে বাড়ির মূল ফটকের তালা কেটে ও পরে কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। একপর্যায়ে আবদুল হাকিম ও তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিমিঞ্চ করে ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়।