সাটুরিয়ায় এক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানিকগঞ্জের সহকারী জজ আদালতে মামলা করেছেন ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষিকা সাদেকা ফেরদৌসী। তিনি নিজেও ওই পদের প্রার্থী ছিলেন। মামলার আরজিতে বলা হয়, গত ৭ এপ্রিল পরিচালনা কমিটির সভায় ওই উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য আবু দাউদ, আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা ও শিবালয় সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন ফজিলাসহ সাত সদস্যবিশিষ্ট একটি নিয়োগ কমিটি গঠন করা হয়। ওই কমিটি গত ২৯ মে নিয়োগ পরীক্ষা নেয়। পরীক্ষায় সাদেকা ফেরদৌসী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেকুজ্জামানসহ মোট আটজন প্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে খালেকুজ্জামানকে নির্বাচিত করা হয় সাদিকা ফেরদৌসী অভিযোগ করেন, নিয়োগ কমিটির সদস্য পারভীন ফজিলা সম্পর্কে মো. খালেকুজ্জামানের চাচি। এই সম্পর্কের সূত্র ধরে পারভীন ফজিলা আগে থেকেই লিখিত পরীক্ষার জন্য এককভাবে প্রশ্ন করে নিয়ে আসেন। এরপর তাঁর ভাতিজা খালেকুজ্জামানকে তা সরবরাহ করেন। মৌখিক পরীক্ষায় তাঁকে (খালেকুজ্জামান) অন্যদের চেয়ে বেশি নম্বর দেওয়া হয়। এ ব্যাপারে পারভীন ফজিলা বলেন, ‘বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগগ্রাপ্ত খালেকুজ্জামান আমার ভাতিজা। তবে তাঁকে নিয়োগের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বা অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।’ নিগার সুলতানা বলেন, ‘সরকারি বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা হয়েছে। স্বজনপ্রীতির যে অভিযোগ উঠেছে, সেটি আমার জানা নেই। তবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত।’