সাটুরিয়ায় কলেজ শিক্ষকের বাসায় ডাকাতি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে গত মঙ্গলবার রাতে কলেজ শিক্ষক আবদুর রাজ্জাকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সাটুরিয়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দুইটার দিকে থানা থেকে মাত্র দেড় শ গজ দূরে প্রায় ২০ জনের একটি ডাকাতদল আবদুর রাজ্জাকের বাড়িতে হানা দিয়ে মূল ফটক ও দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। এরপর তারা অস্ত্রের মুখে গৃহকর্তা আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী নাহিদ আক্তারের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন লুটে নেয়। আবদুর রাজ্জাক টাঙ্গাইলের করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের প্রধান। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে।