সাটুরিয়ায় কৃষককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামে মজিবর রহমান নামের এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহত মজিবরের পারিবারিক সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে মজিবর রহমান (৪২) মেজো ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। শুক্রবার রাত আটটার দিকে উত্তর রৌহা গ্রামের স্বপন মৃধা ও তাঁর বড় ভাই নান্নু মৃধা মজিবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে বাড়ির অদূরে একটি খাদের পাড়ে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ আংশিক ঝুলে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় দরগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে কর্মস্থলে যাওয়ার পথে স্বপনের স্ত্রী পোশাকশ্রমিক কোহিনুর বেগমের কানের স্বর্ণের দুল মজিবর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় স্বপনের ফুপাতো ভাই আবদুল খালেক তাঁর (ইউপি সদস্য) কাছে বিচার দাবি করেন। বিষয়টি মজিবরকে জানালেও তিনি গুরুত্ব দেননি। এ নিয়ে মজিবর ও স্বপনের মধ্যে বিরোধ ছিল। তবে মজিবরের লাশ উদ্ধারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
নিহত মজিবরের ভাই লুৎফর রহমান বলেন, গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ভাইয়ের লাশ পাওয়া যায়। উদ্ধারের সময় লাশের অধিকাংশ মাটিতে ছিল। ঘটনার পর থেকে স্বপন ও নান্নু পলাতক।
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য স্বপনের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। চেষ্টা করেও নান্নুর মুঠোফোন নম্বর পাওয়া যায়নি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় নিহত মজিবরের স্ত্রী রওশন আরা স্বপন, তাঁর স্ত্রী কোহিনুর বেগম ও ভাই নান্নুসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।