সাটুরিয়ায় গণপিটুনিতে একজন নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের সোলাই গোবিন্দপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। গ্রামবাসীর ভাষ্য, ডাকাতি করতে গিয়ে সে ধরা পড়ার পর তাকে পিটুনি দেওয়া হয়। ডাকাতদের হামলায় আহত হয়েছেন দুজন। পুলিশ বলছে, ডাকাতি নয়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত সোলাই গোবিন্দপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে গিয়ে সিঁদ কেটে ঘরে ঢোকে। দুলাল মিয়া ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে বেঁধে ডাকাতেরা মারধর করতে থাকে। একপর্যায়ে ডাকতেরা তাঁদের ছুরিকাঘাতও করে। এ সময় তাঁরা চিত্কার শুরু করলে পাশের ঘরে থাকা দুলাল মিয়ার ছেলে আজগর আলী ওই ঘরে গিয়ে এক ডাকাতকে জাপটে ধরে চিত্কার শুরু করেন। আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানায়। অবস্থা বেগতিক দেখে অন্য ডাকাতেরা পালিয়ে যায়। এলাকাবাসী গিয়ে আটক হওয়া ডাকাতকে পিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুলাল ও সাজেদাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় আজগর আলী বাদী হয়ে গতকাল সাটুরিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। মামলায় রঞ্জু ও শাহাদত্সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। গণপিটুনিতে অজ্ঞাতনামা একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। এতে নাম উল্লেখ না করে ৩০০ জন গ্রামবাসীকে আসামি করা হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক বলেন, দেড় বিঘা জমি নিয়ে দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের রঞ্জু ও শাহাদৎ হোসেনের বিরোধ দীর্ঘদিনের। ওই বিরোধের জের ধরেই রঞ্জু-শাহাদতের ভাড়াটে লোকজন দুলাল ও তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে হানা দেয়। এদেরই একজন ধরা পড়লে গণপিটুনিতে নিহত হয়।