সাটুরিয়ায় গাজীখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিনকে ধাওয়া দেন তাঁরা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোমিন।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীখালী নদীর হরগজ থেকে দরগ্রাম পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে খননযন্ত্র বসিয়ে চার মাসেরও বেশি সময় ধরে বালু উত্তোলন করা হচ্ছে। সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত রাজু আহম্মেদ ও তাঁর চাচা মজিবর রহমান, ছাত্রলীগের কর্মী আবদুর রাজ্জাক, আবদুল মালেকসহ আরও কয়েকজন ওই বালু উত্তোলন করে বিক্রি করছেন। যদিও জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কোনো অনুমতি নেই।গতকাল দুপুরে গাজীখালী নদীর হরগজ মৌজায় খননযন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে উত্তোলন করা বালুমাটি দিয়ে আশপাশের বিভিন্ন ডোবা-নালা ভরাট করতে দেখা যায়। নদী থেকে প্রায় এক কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের ডোবা-নালাও এসব খননযন্ত্রের সাহায্যে ভরাট করা হয়েছে। ক্রেতা সেজে জানতে চাইলে পাড়াগ্রাম এলাকার আবদুল মালেক বলেন, মজিবর ও তাঁর ভাতিজা বুলবুল, লিয়াকত ও তিনি (মালেক) খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছেন।সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহের পর এ ব্যাপারে কথা বলতে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাওয়ার সময় দুপুরে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় বুলবুলসহ কয়েকজন আবদুল মোমিনের মোটরসাইকেলের গতি রোধ করেন। এ সময় বুলবুল গালাগাল করে মুঠোফোনে আরও লোকজনকে আসতে বললে কৌশলে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন মোমিন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতু এলাকায় তিনটি মোটরসাইকেলে করে সাইদুজ্জামান, আবদুর রাজ্জাকসহ আরও চার যুবক মোমিনের গতি রোধ করেন। তাঁরা মোমিনকে মহাসড়কের পাশে ঢাকুলির রাস্তায় নিয়ে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখান এবং সংবাদ না ছাপানোর হুমকি দিয়ে চলে যান।ওই ঘটনায় আবদুল মোমিন জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল রাতে মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন। নদী থেকে বালু উত্তোলনের ব্যাপারে সাটুরিয়ার ইউএনও শাহীন আকতার প্রথম আলোকে বলেন, নদী থেকে অবৈধভাবে বালুমাটি উত্তোলন করার দায়ে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দরগ্রাম ও হরগজ এলাকায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।নিন্দা প্রকাশ: তথ্য সংগ্রহকালে সাংবাদিক আবদুল মোমিনকে ধাওয়া ও হুমকি দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরতাজ আলম ও সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার, সাংবাদিক সমিতির সভাপতি সাব্বিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী এবং প্রথম আলোর মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।