মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজিপাড়া গ্রামে গতকাল সোমবার পারুল বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক পারুলের শাশুড়ি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন। নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে উপজেলার ফেরাজিপাড়ার আবু হানিফ ঢাকার ধামরাই উপজেলার লাকুড়িয়াপাড়ার সমেজ উদ্দিনের মেয়ে পারুলকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই পারুলের শ্বশুর ও শাশুড়ি মিলে তাঁকে নির্যাতন করতেন। মাস ছয়েক আগে তিনি গর্ভবতী হন। এর পর থেকে তাঁর ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। গতকাল ঘরের ভেতর পারুলের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের ভাই ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, শ্বশুরবাড়ির লোকজন পারুলকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে গেছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে ওই গ্রাম থেকে পারুলের শাশুড়ি কদরজান বেগমকে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে তাঁকে অফিসকক্ষে বসিয়ে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অফিসকক্ষ ফাঁকা হলে কদরজান গলায় পরনের কাপড় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে কদরজান আত্মহত্যা চেষ্টার বিষয়টি অস্বীকার করে বলেন, চেয়ার থেকে পড়ে গিয়ে তিনি অচেতন হয়ে পড়েন।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।