সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে গত সোমবার রাতে রিজিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিজিয়ার পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতন সইতে না পেরে রিজিয়া আত্মহত্যা করেছেন।
পুলিশ ও নিহত রিজিয়ার পরিবারের সদস্যরা জানায়, প্রায় তিন বছর আগে সদর উপজেলার দেড়গ্রাম গ্রামের জিন্নত আলীর মেয়ে রিজিয়ার সঙ্গে সাটুরিয়ার ফুকুরহাটি শাহিপাড়া গ্রামের মঙ্গল আলীর ছেলে আবদুর রাজ্জাকের বিয়ে হয়। বিয়েতে চাহিদামতো যৌতুকের টাকা না পাওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রিজিয়াকে প্রায়ই মানসিক যন্ত্রণা দিত। রাজ্জাক ও রিজিয়ার এক বছর বয়সী একটি মেয়ে আছে।
রাজ্জাকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে খাবার খেতে রিজিয়াকে ডাক দেয় রাজ্জাকের পরিবারের লোকজন। সাড়াশব্দ না পেয়ে তাঁরা রিজিয়ার ঘরের দরজা ভেঙে দেখে ঝুলন্ত লাশ। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে রিজিয়ার লাশ উদ্ধার করে।
রিজিয়ার খালাতো বোন ঝিনুক আক্তার অভিযোগ করেন, সম্প্রতি রাজ্জাক এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে রিজিয়া বাধা দিলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এর জের ধরে রাজ্জাক প্রায়ই রিজিয়াকে মারধর করতেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে তাঁর বোন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
অভিযোগের ব্যাপারে আবদুর রাজ্জাক ও তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
সাটুরিয়া থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।