সাটুরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গত শুক্রবার দুপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাটুরিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে গৃহবধূর স্বজনেরা দাবি করেছেন, মারধর করার পর মুখে বিষ ঢেলে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ বছর আগে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের শাহনাজ বেগমের (৩২) সঙ্গে একই উপজেলার ভাটারা গ্রামের সিরাজুল ইসলামের বিয়ে হয়। এই দম্পতির দুটি ছেলেসন্তান রয়েছে। কয়েক মাস ধরে সিরাজুল ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে শাহনাজকে চাপ দিচ্ছিলেন। যৌতুকের টাকা না পেয়ে সিরাজুল প্রায়ই শাহনাজকে মারধর করতেন।শাহনাজের ভাই মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালে তিনি তাঁর বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ সময় শাহনাজ ও সিরাজুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি সেখান থেকে চলে আসেন। তিনি দাবি করেন, যৌতুকের টাকা না পেয়ে সিরাজুল তাঁর বোনকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করেন।সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছানোয়ার হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সিরাজুলের বাড়ি থেকে শাহনাজের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ওই রাতেই লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। উদ্ধারের সময় শাহনাজের নাক ও থুতনির নিচে জখমের চিহ্ন ছিল। বাঁ পায়ের হাঁটুর নিচে কাটা দাগও ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন বলেন, ঘটনাটি হত্যা বা আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না।