সাটুরিয়ায় ঘুষ নিয়ে ধরা পড়লেন ইউপি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নিয়ে ধরা পড়ার পর জনতার সামনে কান ধরে উঠবস করেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব শামীম রেজা। গতকাল সোমবার সাটুরিয়া ইউপি কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, জন্মনিবন্ধন সনদের জন্য গতকাল সকালে সাটুরিয়া ইউপি কার্যালয়ে যান সাটুরিয়ার মালশী গ্রামের শামীম হোসেন। কিন্তু ইউপি সচিব রেজা বিভিন্ন অজুহাতে তাঁকে ঘণ্টাখানেক বসিয়ে রেখে এক দিন পর যোগাযোগ করতে বলেন। জরুরি প্রয়োজন থাকায় শামীম সচিব রেজাকে ১০০ টাকা ঘুষ দিলে তিনি তাৎক্ষণিক তাঁকে জন্মনিবন্ধন সনদ (নম্বর-১৩৮৭১) দেন। এ সময় প্রথম আলোর এই প্রতিবেদক ও অপর একটি দৈনিকের সাটুরিয়া প্রতিনিধিও জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদের জন্য ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন। এদিকে বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান আবুল বাসার সরকার পরিষদে উপস্থিত হলে ভুক্তভোগী শামীম ঘুষ দেওয়ার বিষয়টি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান আবুল বাসার তখন সাংবাদিকদের উপস্থিতিতে সচিব শামীম রেজার পকেট থেকে ঘুষের টাকা উদ্ধার করেন। এরপর সাটুরিয়া ইউনিয়নের একাধিক গ্রামপুলিশ ও শতাধিক নাগরিকসহ ইউপি চেয়ারম্যানের সামনে সচিব শামীম রেজা দোষ স্বীকার করেন। এ সময় তিনি নিজে থেকে ৫০ বার কান ধরে উঠবস করেন এবং তাঁকে ঘুষ নেওয়ার দায় থেকে মুক্তি দেওয়ার মিনতি করেন। ইউপি চেয়ারম্যান আবুল বাসার জানান, ইউপি সচিব শামীম রেজার বিরুদ্ধে নাগরিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ঘুষ নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তাঁকে অনেকবার সতর্কও করা হয়েছিল।সাটুরিয়ার কলাসুর গ্রামের উজ্জ্বল, চামুটিয়া গ্রামের মজিবর রহমান, ভান্ডারীপাড়ার বাবুলসহ আরও অনেকেই অভিযোগ করেন, জন্মনিবন্ধন সনদ নিতে ইউপি সচিব শামীম রেজা তাঁদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। শামীম রেজা ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। সচিব শামীম রেজা গতকাল ১০০ টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার করলেও এর আগে নাগরিকদের কাছ থেকে ঘুষ বা কোনো অর্থ আদায়ের কথা অস্বীকার করেছেন।