সাটুরিয়ায় ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ১৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সরকারি ডাকবাংলোয় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের সূত্রে জানা গেছে, সাটুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের জন্য গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সরকারি ডাকবাংলোতে বৈঠক বসে। বৈঠকে বাগিবতণ্ডার একপর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদের সমর্থকেরা সাংসদ জাহিদ মালেকের সমর্থক নেতা-কর্মীদের ওপর চড়াও হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে উপজেলা চেয়ারম্যানের সমর্থক নেতা-কর্মীরা চাপাতি, চায়নিজ কুড়াল ও লোহার রডসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। এঁদের মধ্যে সাংসদের সমর্থক আনোয়ার হোসেনের হাতের একটি আঙুল ভেঙে যায় এবং শামীম হোসেনের কপালে কোপ লাগে। তাঁরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শামীম সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।সাংসদের সমর্থক উপজেলা ছাত্রলীগের নেতা ওয়াসীম আকরাম বলেন, ‘বৈঠকে উপজেলা চেয়ারম্যানের সমর্থক সাইদুজ্জামান, আবদুর রাজ্জাক, রাজু আহাম্মেদসহ অন্যরা সাটুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা চালান।’ পাল্টা অভিযোগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সমর্থক সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ বলেন, ‘ওয়াসীম ও উপজেলা যুবলীগের নেতা আবদুল খালেকই আমাদের ওপর হামলা চালান।’সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (গতকাল) সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।