সাটুরিয়ায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর ওপর হামলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ‘পদবঞ্চিত’দের হামলায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কামতা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগের নেতা-কর্মীরা হলেন উপজেলার ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন (২৪), রাকিব মোল্লা (২১), কর্মী রাজু আহম্মদ (২১), মনির হোসেন (২২), মামুন (২০), শাকিল আহমেদ (২২) ও সাইফুল ইসলাম (২২)। এর মধ্যে রাজিব, রাকিব ও রাজুকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাজিব ও রাকিব বুধবার বাড়ি ফিরেছেন। রাজু এখনো হাসপাতালে আছেন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।
দলীয় ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, প্রায় তিন মাস আগে ২১ সদস্যবিশিষ্ট ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঈদের দিন বিকেলে এ দুই যুগ্ম আহ্বায়কসহ ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কামতা এলাকার নাহার গার্ডেনে বেড়াতে যান। এ সময় সজীব হোসেনের নেতৃত্বে কমিটির পদবঞ্চিত ২০-২৫ জন রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে ওই ছয় নেতা-কর্মী আহত হন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ যুগ্ম সম্পাদক সোহেল রানা বলেন, সজীব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কারণে তাঁকে কমিটিতে রাখা হয়নি। এর জেরে ক্ষিপ্ত হয়ে সজীবসহ আরও কয়েকজন হামলা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সজীব হোসেন। তিনি পাল্টা অভিযোগ করেন, রাকিব ও রাজিবসহ আরও কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে তিনিসহ তাঁর অনুসারী কয়েকজন কর্মী আহত হন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।