সাটুরিয়ায় তিন বছরের শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাবারে বেড়ানোর কতা কইয়া আইনা ও কী করলোরে...। আমি অহন কারে বাবা কইয়া ডাকুম, কারে বুকে জড়াইয়া দইরা গুমামু।’ মানিকগঞ্জের সাটুরিয়া থানা চত্বরে তিন বছরের শিশুপুত্র ইমরানের লাশের পাশে বসে বুক চাপড়ে এভাবেই বিলাপ করছিলেন মা হাসনা আক্তার।সাটুরিয়া উপজেলার চাইরকান্দা বিল থেকে গতকাল সোমবার সকালে ইমরানের লাশ উদ্ধার করা হয়। হাসনা আক্তারের অভিযোগ, স্বামী নুরুল হক (ইমরানের সৎ বাবা) ইমরানকে হত্যা করেছেন।লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় হাসনা আক্তার গতকাল সাটুরিয়া থানায় মামলা করেছেন। পুলিশ নুরুল হকের বাবা বাহার উদ্দিন, মা রওশনারা বেগম, মামা শুকুর আলী ও আরেক মামা ফজর আলীর স্ত্রী আছিয়া বেগমকে গ্রেপ্তার করেছে।জানা গেছে, বছর চারেক আগে যশোরের রবিউল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উজেলার সাতপাইলা গ্রামের হাসনার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে সাড়ে তিন বছর আগে তাঁদের যখন বিবাহবিচ্ছেদ ঘটে, ইমরান তখন মায়ের গর্ভে। বছর দেড়েক আগে হাসনা ঢাকার সাভারে এসে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানেই পরিচয়ের সূত্র ধরে ঢাকার ধামরাই উপজেলার নান্দেশ্বরী গ্রামের নুরুল হকের সঙ্গে হাসনার বিয়ে হয়।হাসনার ভাই ইদ্রীস খন্দকার জানান, বিয়ের পর নুরুল হকের বাবা ও মা পুত্রবধূকে মেনে নিলেও ইমরানের বিষয়ে আপত্তি করেন। এ নিয়ে কলহের সৃষ্টি হলে নুরুল হক মাস চারেক আগে তাঁর (ইদ্রিস) বোনকে নগরকান্দায় রেখে আসেন। নুরুল হক মাঝেমধ্যেই সেখানে যেতেন। গত মঙ্গলবার নুরুল হক তাঁদের বাড়িতে যান। সেখানে রাত যাপন করে বুধবার সকালে বেড়ানোর কথা বলে ইমরানকে নিয়ে বের হয়ে আর ফেরেননি।হাসনা জানান, বুধবার সারা দিন ছেলে ও স্বামী বাড়ি না ফেরায় বৃহস্পতিবার তিনি নুরুল হকের বাড়ি ধামরাইয়ের নান্দেশ্বরীতে যান। নুরুল হক তখন ইমরানকে নিয়ে আসার কথা অস্বীকার করেন। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে হাসনা শুক্রবার নগরকান্দায় চলে যান।নুরুল হকের মামা সাটুরিয়ার কাউন্নারা গ্রামের শুকুর আলী ও বড় মামি আছিয়া বেগম জানান, গত বুধবার বিকেলে নুরুল হক ইমরানকে নিয়ে তাঁদের বাড়িতে যান। এর কিছুক্ষণ পরই তিনি ইমরানকে হত্যা করবেন বলে জানান। বিষয়টি তাৎক্ষণিকভাবে তাঁরা নুরুল হকের বাবা বাহার উদ্দিনকে জানান। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী রওশনারা ও কাদের নামের এক প্রতিবেশীকে নিয়ে বাহার উদ্দিন কাউন্নারা গ্রামে যান। ততক্ষণে নুরুল হক ইমরানকে শ্বাসরোধে হত্যা করে। এরপর বাহার উদ্দিনসহ তাঁরা সাই মিলে ইমরানের লাশ গ্রামের পাশে চাইরকান্দা বিলে নিয়ে গর্ত খুঁড়ে পুঁতে রাখেন। এর আগে হত্যার ঘটনা শুনেই কাদের ওই বাড়ি থেকে চলে যান।নান্দেশ্বরী গ্রামের আবদুল কাদের বিষয়টি তাঁর প্রতিবেশীদের জানান। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকাল ১০টার দিকে নুরুল হকের বাবা-মা, মামা ও মামিকে গ্রেপ্তার করে। এরপর মামা বাহার উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী বিল থেকে ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ।সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুল হক পলাতক।