সাটুরিয়ায় নির্বাচনোত্তর সহিংসতায় আহত অর্ধশত, বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর গতকাল বৃহস্পতিবার সহিংসতায় অর্ধশত আহত হয়েছেন। বিজয়ী প্রার্থীর সমর্থকেরা পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ধানকোড়া ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান আবদুর রউফের সমর্থকেরা গতকাল সকাল আটটার দিকে বিজয় মিছিল বের করেন। মিছিলটি দোতারা এলাকায় পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেনের বাড়ির কাছাকাছি যাওয়ার পর দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুর রউফের সমর্থক গোলড়া গ্রামের শামসুল ইসলাম ও রুবেল আহাম্মেদ, নয়াডিঙ্গির মহাম্মদ আলী, কাশেম আলী, নাজিম উদ্দিন, রিপন ও আবদুর রহিমকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ঘণ্টা দেড়েক পর সকাল ১০টার দিকে আবদুর রউফের লোকজন আলতাফ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। আলতাফ হোসেন অভিযোগ করেন, আবদুর রউফের ভাই আবদুল হক শতাধিক লোক নিয়ে গিয়ে তাঁর বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে একটি পাজেরো জিপ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে মারধর করতে থাকে। একপর্যায়ে তারা আলমারি, টিভি, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। হামলার সময় তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। এ সময় আলতাফ হোসেনের স্ত্রী মমতাজ বেগম, মেয়ে নাদিরা আক্তার, লাকি আক্তার, আঁখি আক্তারসহ মেয়েজামাই আহমেদ শরীফ, ভাগনি তাসলি আক্তারসহ আরও কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে মমতাজ বেগম ও আহমেদ শরিফকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘আমার সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় আলতাফ হোসেনের লোকজন তাদের ধরে নিয়ে আটকে রেখে মারধর করে। এতে অন্তত ১৫ জন আহত হয়। তাদের ছাড়িয়ে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। লুটপাটের অভিযোগ মিথ্যা।’ এদিকে, একই উপজেলার বালিয়াটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী জুলহাসের সমর্থকেরা গতকাল সকাল আটটার দিকে অপর পরাজিত প্রার্থী আবদুল মালেকের সমর্থক গর্জনা গ্রামের চান মিয়াকে আটকে রাখে। খবর পেয়ে আবদুল মালেকের লোকজন তাকে ছাড়িয়ে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গর্জনা গ্রামের হারুন (৩০), ওয়াজেদ (৪০), হায়াত আলী (৩৫) ও বাবুল হোসেনকে (৪৫) সাটুরিয়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের পারতিল্লি গ্রামের পরাজিত সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলামের সমর্থক মহসিন মাস্টার ও লিয়াকত আলীর বাড়িতে অপর এক সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা হামলা চালায় ও তাদের দুজনকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।সাটুরিয়া থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, সহিংসতা এড়াতে দোতারা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।