সাটুরিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শুক্রবার সকালে বাস-ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের মা, মেয়ে ও ছেলে রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী মমতাজ বেগম (৪০), ছেলে মোশাররফ হোসেন (১০), মেয়ে রিমা আক্তার (৮) ও শ্যালিকা রাজিয়া আক্তার (১৭), শ্রীরামপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (৪০), সুলধন গ্রামের সামসুল হকের ছেলে সোলায়মান কবীর (২৮) এবং সাটুরিয়ার পানাইজুরী গ্রামের লুৎফর রহমানের ছয় মাসের ছেলে সোহেল।সাটুরিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পল্লীসেবা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-জ-০৪-০১৬৩) গতকাল সকালে সাভারের নবীনগর থেকে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি নয়াডিঙ্গি এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাকের (মানিকগঞ্জ-ট-০২-০১৬২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে কাত হয়ে পড়ে। আর ট্রাকটি অনেকটা অক্ষত অবস্থায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জসহ সাভারের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এঁদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয় মানিকগঞ্জ সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজ। অন্যরা মারা যান ঘটনাস্থলেই।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সাটুরিয়ার বারবারিয়া এলাকার আবুল কালাম জানান, বালুবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ করে ডান দিকে চেপে যায়। এতে সাভারের দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে যান।নয়াডিঙ্গির হরিভজনসহ আরও অনেকে জানান, নিহত যাত্রীদের বাড়ি দুর্ঘটনাস্থলের আধা থেকে দুই কিলোমিটারের মধ্যে। খবর পেয়ে নিহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনসহ আশপাশের শত শত লোক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। মানিকগঞ্জের গোলরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরাই প্রথম ঘটনাস্থলে যাই। আমরা বাধা দিলেও স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই সাতটি লাশ নিয়ে যায়।’নিহত মমতাজের মামা আলী আহামেদ বলেন, ময়নাতদন্তের বিড়ম্বনা ও অর্থদণ্ডের হাত থেকে রেহাই পেতেই তাঁরা দুর্ঘটনাস্থল থেকে তিনটি লাশ বাড়িতে নিয়ে যান।অসুস্থ স্বজনকে দেখতে গিয়ে লাশ হলো তাঁরা: সাটুরিয়ার ধানকোড়া গ্রামের অসুস্থ শাশুড়িকে দেখতে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ধামরাইয়ের সুয়াপুর গ্রামের লিয়াকত আলী। সঙ্গে ছিলেন স্ত্রী মমতাজ, ছেলে মোশাররফ, মেয়ে রিমা, শ্যালিকা রাজিয়া, আমেনা বেগম ও আমেনার এক বছরের মেয়ে রিথি। বাস থেকে নামার কয়েক মিনিট আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তাঁর (লিয়াকত) ঠাঁই হয়েছে সাভারের একটি ক্লিনিকে। আর স্ত্রী, ছেলে, মেয়ে ও এক শ্যালিকা ঘরে ফিরেছেন লাশ হয়ে। তবে অক্ষত রয়েছেন আমেনা ও তাঁর মেয়ে।দুর্ঘটনার পর লাশগুলো ধানকোড়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। একসঙ্গে চার স্বজনকে হারিয়ে কান্নার রোল ওঠে পুরো বাড়িতে।বেঁচে যাওয়া আমেনা জানান, তিন দিন আগে ছোট বোন রাজিয়া ও মেয়ে রিথিকে নিয়ে তিনি বড় বোন মমতাজের বাড়িতে বেড়াতে যান। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর ভাই আতোয়ার রহমান ফোন করে জানান, মা ফুলমালা অসুস্থ হয়ে পড়েছেন। এ খবরে ভগ্নিপতি, বোন ও ভাগনে-ভাগনির সঙ্গে তিনিও মেয়েকে নিয়ে ধানকোড়ায় যাচ্ছিলেন। আমেনা জানান, তাঁদের সাটুরিয়ার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডে নামার কথা ছিল। কিন্তু ওই স্ট্যান্ডের মাত্র ১০০ গজ দূরে তাঁরা দুর্ঘটনার শিকার হন। দুই মেয়ে ও দুই নাতি-নাতনিকে হারিয়ে অচেতন হয়ে পড়েন অসুস্থ ফুলমালা। তাঁর মাথায় পানি ঢালছিলেন প্রতিবেশীরা।