মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল শুক্রবার যুবদলের মিছিলে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির দুই পক্ষের কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, সম্প্রতি সাটুরিয়া উপজেলা যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থকদের প্রাধান্য দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় সাবেক সাংসদ ও বিএনপির নেতা হারুনার রশীদ খান মুন্নুর সমর্থকদের সঙ্গে দেলোয়ারের সমর্থকদের বিরোধ চলছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, যুবদলের নবগঠিত কমিটির সদস্য ও দেলোয়ার-সমর্থিত নেতা-কর্মীরা বিকেলে সাটুরিয়া বাসস্ট্যান্ডের অদূরে বটতলায় কর্মিসভা করেন। সভা শেষে সাড়ে চারটার দিকে তাঁরা মিছিল বের করেন। এ সময় মুন্নুর সমর্থকেরা হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ উভয় পক্ষের ১৫ জন নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলসহ উপজেলা যুবদলের এক নেতাকে আটক করে। আহত জাহাঙ্গীর আলমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম বলেন, মুন্নুর সমর্থকেরা পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালান। তিনি জানান, তাঁদের কর্মীরা প্রস্তুত না থাকায় হামলা প্রতিহত করতে পারেননি। হামলায় শুধু তাঁদের কর্মীরাই আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।জেলা যুবদলের আহ্বায়ক আবদুস সালাম বলেন, দলের উচ্চপর্যায় থেকে সাটুরিয়া উপজেলা যুবদলের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এতে নাখোশ হয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে গিয়ে মুন্নুর পক্ষের কিছু নেতা-কর্মী এ হামলা চালান। সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রুহুল কুদ্দুস হামলা ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।