সাটুরিয়ায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার মিমি আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।মিমি গোলড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে। তার এবার স্থানীয় ধানকোঁড়া গিরীশ ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। গত বুধবার মিমি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে।মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মিমির গলায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, চার বোনের মধ্যে মিমি তৃতীয়। গত বৃহস্পতিবার মিমির মা অপর দুই মেয়েকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার চরমকিমপুর গ্রামে বড় মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মিমি ও তার বাবা আধা পাকা একটি ঘরের আলাদা কক্ষে ঘুমাতে যান। গতকাল সকালে মিমির বাবা ঘুম থেকে উঠে দেখেন তাঁর কক্ষের দরজার শিকল বাইরে থেকে আটকানো। পরে প্রতিবেশীরা এসে তাঁর কক্ষের দরজা খুলে দেন। এ সময় মিমির কক্ষে তালা লাগানো ছিল। পরে তালা ভেঙে কক্ষে ঢুকে খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মিমির স্বজনেরা জানান, এ ঘটনার পর ঘরে রাখা ৭০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রীর সঙ্গে কোনো যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বাড়িতে মিমির মা-বোনেরা না থাকায় ওই যুবক রাতের কোনো একসময় মিমির সঙ্গে দেখা করতে আসে। এরপর তাকে হত্যার পর ওই যুবক টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের রহস্য ও হত্যাকারীকে শনাক্ত করার জন্য তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মিমির এক সহপাঠী জানায়, মিমি তার মায়ের মুঠোফোন দিয়ে মাঝেমধ্যে কারও সঙ্গে কথা বলত। তবে কার সঙ্গে কথা বলত, তা মিমি তাকে জানায়নি।