সাটুরিয়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ নয়াপাড়া গ্রাম থেকে গতকাল বুধবার পপি আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পপি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত হোসেন খানের মেয়ে। সে হরগজ নয়াপাড়া গ্রামে মামা কাদের মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করত।
পুলিশ, স্থানীয় লোকজন ও পপির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটুরিয়ার চামুটিয়া গ্রামের মেহেদী হাসানের সঙ্গে পপির প্রেমের সম্পর্ক ছিল। দুই সপ্তাহ আগে বিয়ের দাবিতে মেহেদীর বাড়িতে যায় পপি। কিন্তু মেহেদীর পরিবার বিষয়টি মেনে নেয়নি। পরে স্থানীয় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন পপিকে তার মামার বাড়িতে ফেরত পাঠিয়ে দেন। এ নিয়ে পপির সঙ্গে মেহেদীর সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরে গতকাল সকালে পপি তার মামার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জসিম উদ্দিন বলেন, প্রায় দুই সপ্তাহ আগে বিয়ের দাবিতে মেয়েটি মেহেদীর বাড়িতে এসেছিল। তবে ওই বাড়ির লোকজন না মানায় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়েটিকে মামার বাড়িতে দিয়ে আসা হয়।
এ ব্যাপারে মেহেদী হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অনেক চেষ্টা করেও তাঁর মুঠোফোন নম্বর পাওয়া যায়নি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, মৃত্যুর আগে মেয়েটির লেখা একটি চিরকুট পাওয়া গেছে। প্রেমঘটিত কারণে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে চিরকুট থেকে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মেহেদী এবং তাঁর মা ও বাবাকে আসামি করে মামলা হয়েছে।