সাটুরিয়ায় হামলায় আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রৌহা গ্রামে পয়লা বৈশাখের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত মঙ্গলবার দুই ভাইকে পিটিয়ে জখম করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বড় ভাই পলাশ হোসেনের (২৫) মৃত্যু হয়।
নিহত পলাশ রৌহা গ্রামের নাজমুল হোসেনের ছেলে। হামলায় আহত ছোট ভাই সুমন হোসেন (২০) সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, গত সোমবার পয়লা বৈশাখ উপলক্ষে রৌহা গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে ওই অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে পলাশের সঙ্গে গ্রামের রাসেল ও রাজীবের ঝগড়া হয়। এ সময় পলাশকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তাঁরা চলে যান।
পরের দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে পলাশ ও তাঁর ছোট ভাই সুমন বোরো ধানখেতে পানি দিচ্ছিলেন। এ সময় রাসেল, রাজীব, সুমন, মাসুদসহ আরও চার-পাঁচ যুবক পলাশ ও সুমনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে পলাশ অচেতন হয়ে পড়েন। সুমনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁদের উদ্ধার করে প্রথমে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পলাশকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হয়।
পলাশের চাচা আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে চিকিৎসকেরা পলাশের মাথায় অস্ত্রোপচার করেন। এর পর থেকে তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। গতকাল বেলা দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, পলাশের বাবা নাজমুল মঙ্গলবার হত্যাচেষ্টার মামলা করেন। মৃত্যুসনদ পাওয়ার পর এটিকে হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।