সাটুরিয়ায় ৩৭ লাখ টাকার দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৩৭ লাখ টাকার উন্নয়নকাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাটুরিয়া উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে ওই দরপত্র আহ্বান করা হয়েছিল। সাটুরিয়া উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, ৩৭ লাখ টাকা ব্যয়ে উপজেলার ভাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রায় এক মাস আগে দরপত্র আহ্বান করা হয়। গত সোমবার ছিল দরপত্র বিক্রির সর্বশেষ দিন। ওই দিন পর্যন্ত ৪৩টি দরপত্র বিক্রি হয়। ঠিকাদারেরা অভিযোগ করেন, দরপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় গত মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১২টি দরপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী দরপত্র জমার পর অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতে ওই দিনই বিকেল তিনটার দিকে দরপত্র বাক্স খুলে যাচাই-বাছাই করে সর্বনিম্ন দরদাতাকে চিহ্নিত করে উপস্থিত সবাইকে জানিয়ে দেওয়ার কথা। কিন্তু দরপত্রের বাক্স খোলা হয়েছে নির্ধারিত সময়ের ১৯ ঘণ্টা পর, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায়। ওই সময়ের মধ্যে কৌশলে সর্বনিম্ন দরদাতা পরিবর্তন করা হয়েছে।এ প্রসঙ্গে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ বলেন, ‘অন্য কাজে ব্যস্ত থাকায় নিয়ম অনুযায়ী মঙ্গলবার বিকেল তিনটায় দরপত্রের বাক্স খোলা সম্ভব হয়নি। তবে গতকাল সকালে অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতেই দরপত্রের বাক্স খুলে যাচাই-বাছাই করা হয়।’ দরপত্র-প্রক্রিয়ায় কোনো কারচুপি বা অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ রবিউল ইসলাম বলেন, ভাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য আহ্বান করা দরপত্রের প্রক্রিয়ায় অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।