সাড়া নেই চট্টগ্রামে ২৪ জনের নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মীর পেশায় সৌদি আরব যেতে আগ্রহী চট্টগ্রামের হালিশহর মাইজপাড়ার মোরশেদা বেগম। নাম নিবন্ধনের প্রথম দিনে গতকাল রোববার সকালে আগ্রাবাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে উপস্থিত হন তিনি। তাঁর কথা, ‘সৌদি আরবে আল্লাহর ঘর। সেখানে কাজ করতে গেলে কোনো সমস্যা হবে না।’
মোরশেদার মেয়ে হাছিনা আক্তারও নিবন্ধনের জন্য এসেছেন। মা-মেয়ে দুজনেই পোশাক কারখানায় কাজ করেন। হাছিনাও সৌদি আরব যেতে চান। তিনি বলেন, ‘আমার স্বামীর কোনো আপত্তি নেই।’ তাঁর আড়াই বছরের সন্তান রয়েছে। কারখানায় গেলে শিশুটি তাঁর শাশুড়ির কাছে থাকে। তাই বাচ্চা নিয়ে তাঁর কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তিনি।
তবে মা-মেয়ের যতই আগ্রহ থাকুক না কেন, দিন শেষে হতাশ চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত চারটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান (রিক্রুটিং এজেন্সি)। সৌদি আরবে গৃহকর্মীর পেশায় যেতে আগ্রহী কর্মীদের বাছাই-প্রক্রিয়ার প্রথম দিনে মাত্র ২৪ জন নারী নিবন্ধন করেছেন।
জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ, গোঁড়ামি, অসচেতনতা ও অনভিজ্ঞতার কারণে গৃহকর্মীর পেশায় সৌদি আরব যেতে আগ্রহী হচ্ছেন না চট্টগ্রামের নারীরা। এ ক্ষেত্রে প্রচারণারও অভাব ছিল বলে মনে করছেন তাঁরা।
জানতে চাইলে মেসার্স আল তামিম ওভারসিজ রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপক লুৎফুল হাসান বলেন, চট্টগ্রামে ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ বেশি। ধর্মান্ধতা ও সচেতনতার অভাবের কারণে নারী গৃহকর্মী আশানুরূপ পাওয়া যাচ্ছে না। এ-সংক্রান্ত প্রচারণাও কিছুটা কম হয়েছে।
প্রচারণা কম হওয়ার বিষয়ে বাছাইয়ের জন্য আসা মোরশেদা বেগম জানান, ইপিজেড এলাকা কিংবা যেসব এলাকায় পোশাক কারখানা রয়েছে, সেখানে প্রচারণা চালালে অনেক বেশি সাড়া পাওয়া যেত।
এ বিষয়ে আল-সাফি ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মালিক আবুল কাশেম বলেন, টিভিতে সরকারিভাবে প্রচারণার চালানো হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মাইকিং করা হয়নি।
জনশক্তি, কর্মসংস্থান কার্যালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বিনা খরচে (পাসপোর্টসহ ব্যক্তিগত খরচ ছাড়া) নারী গৃহকর্মী (২৫ থেকে ৪৫ বছর) নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা, ডাক্তারি পরীক্ষা থেকে শুরু করে বিমানভাড়াও সৌদি কর্তৃপক্ষ বহন করবে। বেতনের বাইরে খাবার, বাসস্থান ও চিকিৎসা খরচ কর্তৃপক্ষ বহন করবে। প্রতি মাসে বেতন ১৬ হাজার টাকা, যেটি ওভারটাইমসহ ২০ হাজার টাকা পর্যন্ত পড়বে। চাকরির মেয়াদ হবে দুই বছর (নবায়নযোগ্য)। রোজার ঈদের আগেই সৌদি আরবে বাংলাদেশ থেকে ২০ হাজার নারী গৃহকর্মী নিয়োগ করা হবে।
সরেজমিনে দেখা যায়, রিক্রুটিং এজেন্সির লোকজন গতকাল সকাল থেকে জনশক্তি কার্যালয়ের সামনের আঙিনায় শামিয়ানা টাঙিয়ে বসে আছেন। গৃহকর্মী হতে আগ্রহীদের জন্য অপেক্ষা করলেও সাড়া ছিল খুবই কম। বেলা একটা পর্যন্ত ২০ জন নারী বাছাই-প্রক্রিয়ায় অংশ নিতে এসেছিলেন।
দুপুরে কথা হয় পোশাককর্মী জান্নাতুল ফেরদৌসের সঙ্গে। তিনি জানান, স্বামী ও শ্বশুরবাড়ি থেকে আপত্তি না থাকায় নিবন্ধন করতে এসেছেন।
গৃহকর্মী নিয়োগের বিষয়ে জানতে এসেছেন জসিম উদ্দিন। সৌদি আরবে নারীদের নিরাপত্তা কেমন হবে, নির্যাতনের শিকার হবে কি না, এসব বিষয়ে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান রিক্রুটিং এজেন্সির লোকদের কাছে।
বাছাইয়ের প্রথম দিনে নারী কর্মীদের সাড়া না পেয়ে হতাশ মেসার্স আল-সাফি ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মালিক আবুল কাশেম। তিনি বলেন, আজ যদি পুরুষের চাকরি হতো, তাহলে এখানে জায়গা দেওয়া যেত না। রক্ষণশীল মনোভাবের কারণে বিদেশগামী নারী কর্মী পাওয়া যাচ্ছে না।
নারী কর্মী নিয়োগের বাছাই-প্রক্রিয়া আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। বাছাই শেষে ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের প্রচারণার দায়িত্ব ছিল রিক্রুটিং এজেন্সিগুলোর। তারা সেটি যথাযথভাবে পালন করেনি বলে অভিযোগ রয়েছে।
গতকাল সকালে আগ্রাবাদে বাছাই-প্রক্রিয়া ও বৈদেশিক কর্মমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।