চট্টগ্রামের কাজির দেউড়ি কাঁচাবাজার ও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নির্মাণকাজ সাড়ে চার বছরেও শেষ হয়নি। এই সময়ে কাজ হয়েছে মাত্র ৪০ শতাংশ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় বিপাকে পড়েছেন কাঁচাবাজারের ১২৭ ব্যবসায়ী।
নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও পুরো প্রকল্প এলাকা বুঝিয়ে না দেওয়ায় নিজেদের সরিয়ে নিয়েছে ঠিকাদাির প্রতিষ্ঠান মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ। ফলে ছয় মাস ধরে এর নির্মাণকাজ বন্ধ রয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরের কাজির দেউড়ি এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করছে। এটি চউকের প্রথম ফ্ল্যাট প্রকল্প।
চউক সূত্রে জানা যায়, এই প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৪৪ কোটি টাকা। ২০০৮ সালে প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১০ সালের শুরুর দিকে। ওই সময় নির্মাণকাজের কার্যাদেশ পায় হাওলাদার এন্টারপ্রাইজ। প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত মেয়াদ ছিল ২০১৩ পর্যন্ত।
সম্প্রতি চউক এই প্রকল্পের পরিচালক পরিবর্তন করেছে। চউকের নির্বাহী প্রকৌশলী রাজীব দাশকে গত ফেব্রুয়ারিতে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়। মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ চলে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর মালিকানাধীন ফ্রেন্ডস ইন্টারন্যাশনালকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রাজীব দাশ প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদাির প্রতিষ্ঠান কাজ শেষ করতে সময়ক্ষেপণ করেছে। নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও আগের দরে কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে প্রকল্প থেকে সরে যাওয়ার আবেদন করে প্রতিষ্ঠানটি।’
প্রকৌশলী রাজীব দাশ স্বীকার করেছেন, কাঁচাবাজার থাকায় পুরো প্রকল্প এলাকা ঠিকাদাির প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি।
মের্সাস হাওলাদার এন্টারপ্রাইজের প্রতিনিধি মুন্সী আশরাফ আলীর মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
চউক কাজির দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘চউক আমাদের মার্কেটের নির্মাণকাজ বাদ দিয়ে অন্যান্য প্রকল্প নিয়ে ব্যস্ত। চুক্তি অনুযায়ী চার বছরের মধ্যে মার্কেট বুঝে পাইনি আমরা। ব্যবসা না থাকায় আমাদের কষ্টের সীমা নেই। চউকের গাফিলতির কারণে কাজির দেউড়ি বাজারের সুনাম নষ্ট হচ্ছে।’
প্রকল্প পরিচালক রাজীব দাশ বলেন, নতুন ঠিকাদার নিয়োগের বিষয়টি মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে। নির্ধারিত সময়ে ৪০ শতাংশ কাজ হলেও বাকি কাজ দেড় বছরের মধ্যে শেষ হবে।