পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের দায়িত্বহীনতার কারণে ওই ইউনিয়নের সাড়ে চার হাজার দরিদ্র পরিবার ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা হিসেবে সরকারিভাবে দেওয়া বিশেষ খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল পায়নি বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরমোন্তাজ ইউনিয়নের নির্বাচিত ৪ হাজার ৫০০ পরিবারের জন্য বিশেষ এই খাদ্য সহায়তা বাবদ পরিবারপ্রতি ১০ কেজি করে মোট ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাঙ্গাবালী খাদ্যগুদাম থেকে ঈদের বিশেষ ভিজিডি বাবদ ৪৫ মেট্রিক টন চাল উত্তোলনের জন্য চেয়ারম্যান মো. নজরুল ইসলামের নামে চাহিদাপত্র (ডিও) দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ গতকাল সোমবার জানান, উপজেলার সব ইউনিয়নে ঈদের বিশেষ ভিজিএফের চাল আগেই বিতরণ করা হয়েছে। তবে তাঁরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, চরমোন্তাজ ইউনিয়নে ঈদের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। এমনকি এখন পর্যন্ত খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনও করা হয়নি। এক সপ্তাহ ধরে চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না তাঁরা। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। চেয়ারম্যানের দায়িত্বহীনতার কারণে ঈদের আগে দরিদ্র লোকজন বিশেষ ভিজিএফের চাল পেলেন না। তপন কুমার ঘোষ বলেন, ‘আমরা এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে গত ১৬ জুলাই ভিজিএফ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় ১৬ জুলাই প্রথম আলোয় ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ’ ও ২১ জুলাই ‘চাল আত্মসাতের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়।
এসব প্রসঙ্গে বক্তব্য জানার জন্য চেয়ারম্যান মো. নজরুল ইসলামের মুঠোফোনে কয়েকবার ফোন করে তা বন্ধ পাওয়া গেছে। তবে চেয়ারম্যানের ছোট ভাই নুরুল ইসলাম মুন্সি গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ব্যক্তিগত কাজে এলাকার বাইরে আছেন।